কলকাতার ‘লাইফলাইন’ বলে পরিচিত মেট্রো রেল এবার যাত্রীদের অসচেতনতা রুখতে নিচ্ছে কঠোর সিদ্ধান্ত। ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম প্ল্যাটফর্মে হলুদ লাইন পেরিয়ে দাঁড়ালে দিতে হবে জরিমানা। এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে ১ জুন থেকে।

প্ল্যাটফর্মে নিয়ম না মানার প্রবণতা ভয় বাড়াচ্ছে

দিনদিন বেড়ে চলেছে যাত্রীদের অসতর্কতা। প্ল্যাটফর্মে হলুদ সতর্কতা লাইন থাকা সত্ত্বেও অনেকেই ট্রেন আসার আগে সেই লাইন পার হয়ে দাঁড়িয়ে পড়েন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। অতীতে বহুবার দেখা গেছে, হুড়োহুড়িতে পা ফসকে লাইনে পড়ে যাওয়ার মতো ঘটনা। এমনকি আত্মহত্যার প্রবণতাও বেড়েছে সম্প্রতি।

সতর্কতা, মাইকে ঘোষণাও কাজে আসছে না

মেট্রো কর্তৃপক্ষ একাধিকবার মাইকে সতর্ক করেছে যাত্রীদের। এমনকি স্টেশনে থাকা আরপিএফ কর্মীরাও বারবার অনুরোধ করে থাকেন যাতে যাত্রীরা হলুদ লাইন না পেরোন। তবুও দেখা যাচ্ছে, একাংশ যাত্রী নিয়ম মানছেন না।

২৫০ টাকার জরিমানা, নজরদারিতে CCTV

এই অবস্থায় সোমবার মেট্রো রেল এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, ট্রেন না এলে প্ল্যাটফর্মের হলুদ লাইন পেরোনো আইন লঙ্ঘন বলে গণ্য হবে। যাত্রী যদি এই নিয়ম ভাঙেন, তাহলে তাঁকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।

মেট্রো জানিয়েছে, প্রতিটি স্টেশনেই রয়েছে CCTV নজরদারি, সেই ফুটেজ দেখেই অপরাধ নির্ধারণ করবে কর্তৃপক্ষ।

যাত্রী সুরক্ষায় আরও কড়া পথে মেট্রো

একাধিক পদক্ষেপ গ্রহণের পরেও যাত্রীরা নিয়ম মানছেন না বলেই এই কঠোর সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগেও স্টেশনে গার্ডরেল বসানো হয়েছে, কিন্তু কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এবারে নিয়ম ভাঙলেই সরাসরি জরিমানা— এই বার্তাই স্পষ্ট করে দিতে চাইছে মেট্রো।